প্রিন্ট এর তারিখঃ Aug 18, 2026 ইং || প্রকাশের তারিখঃ Aug 18, 2026 ইং
আনোয়ারায় খাস জমি বন্ধক রেখে ৭৮ লাখ টাকা ঋণ, খেলাপি হওয়ায় বিপাকে ইউসিবিএল

নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রামের আনোয়ারায় খাস জমি বন্ধক রেখে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবিএল) চাতরী চৌমুহনী শাখা থেকে মেসার্স মা স্টোরের নামে ৭৮ লাখ টাকা ঋণ নেওয়ার অভিযোগ উঠেছে। ঋণটি খেলাপি হওয়ায় টাকা আদায়ে বিপাকে পড়েছে ব্যাংক কর্তৃপক্ষ। বন্ধক রাখা জমির একটি অংশ সরকারি অধিগ্রহণের আওতায় চলে যাওয়ায় তা ক্রোক করতেও জটিলতায় পড়েছে ব্যাংক।
জানা গেছে, আনোয়ারা উপজেলার চাতরী চৌমুহনী এলাকার মো. শওকত ওসমান ২০১৫ সালের দিকে মেসার্স মা স্টোরের নামে ইউসিবিএল ব্যাংকের স্থানীয় শাখা থেকে ৭৮ লাখ টাকা ঋণ নেন। ঋণের বিপরীতে প্রায় ৮ শতক জমি বন্ধক রাখা হয়। অভিযোগ রয়েছে, বন্ধক রাখা জমির চার শতক ১৯৬৪ সালে সড়ক ও জনপথ বিভাগ অধিগ্রহণ করলেও বিষয়টি ব্যাংকের কাছে গোপন করা হয়।
অপর চার শতক জমি ২০২১ সালে কর্ণফুলী টানেল কর্তৃপক্ষ অধিগ্রহণ করে। ওই অধিগ্রহণ বাবদ প্রায় এক কোটি টাকার কাছাকাছি ক্ষতিপূরণ পেলেও ব্যাংকের ঋণ হিসাবে মাত্র ৬ লাখ টাকা জমা দেওয়া হয়েছে বলে অভিযোগ রয়েছে। বাকি অর্থ ব্যাংকে জমা দেওয়া হয়নি।
ফলে বর্তমানে খেলাপি ঋণের টাকা আদায় এবং বন্ধকী সম্পত্তি ক্রোক—দুই ক্ষেত্রেই জটিলতায় পড়েছে ব্যাংক কর্তৃপক্ষ। এ ঘটনায় শাখা ব্যবস্থাপকের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। অভিযোগ রয়েছে, ব্যাংকের প্রধান কার্যালয় থেকে সম্পত্তি ক্রোকসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হলেও তা যথাযথভাবে বাস্তবায়ন করা হয়নি।
এ বিষয়ে ইউসিবিএল চাতরী চৌমুহনী শাখার ব্যবস্থাপক মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, শওকত ওসমানকে বারবার তাগাদা দেওয়ার পরও ব্যাংকের টাকা পরিশোধ করছেন না। তার বিরুদ্ধে শিগগিরই আইনি ব্যবস্থা নেওয়া হবে।
ইউসিবিএল গুলশান প্রধান কার্যালয়ের নাম প্রকাশে অনিচ্ছুক এক পদস্থ কর্মকর্তা বলেন, বিষয়টি আমাদের পর্যবেক্ষণে রয়েছে। আনোয়ারা চাতরী শাখার ব্যবস্থাপককে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক চট্টগ্রামপোস্ট